রংপুরের পীরগঞ্জ উপজেলার ওসমানপুর গ্রামে একটি বাসার তিনতলা ভবনের নির্মাণ কাজ চলছিল। অসর্তকতায় এক নির্মাণ শ্রমিক ওই খুঁটির তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আটকে যান; আগুন ছড়িয়ে পড়ে ভবনের তৃতীয় তলায়। একপর্যায়ে পোড়া লাশটি তিনতলা থেকে মাটিতে আছড়ে পড়ে। নিহত শ্রমিকের নাম মোতালেব হোসেন (১৮)। তিনি পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়ন পরিষদের কাবিলপুর গ্রামের মৃত হাসান আলীর ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে আসেন ফায়ার সার্ভিসের কর্মীরা। তাঁরা মোতালেবের লাশ উদ্ধার করেন এবং ভবনের আগুন নেভান।
পীরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশনের কর্মকর্তা রতন চন্দ্র শর্মা জানান, বৈদ্যুতিক খুঁটি থেকে কমপক্ষে আট ফুট দূরত্বে ভবন নির্মাণ করার নিয়ম রয়েছে। কিন্তু ভবনটি নির্মাণ করা হচ্ছে অনেকটা খুঁটি ঘেঁষে। এ ছাড়া বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে ফায়ার সার্ভিসের অনুমতি নিতে হয়। কিন্তু ভবন মালিক কোনো নিয়ম মানেননি।
ঘটনার পর থেকে ভবন মালিক আবদুল গফুর এলাকা ছেড়ে চলে যান।