ডিজিটাল সেন্টারসমূহের সেবার মানোন্নয়ন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন এবং টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্যে কক্সবাজারে শুরু হয়েছে দু’দিনব্যাপী ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ। কক্সবাজারের উইন্ডি টেরেস হলরুমে চট্টগ্রাম বিভাগের নির্বাচিত উদ্যোক্তাদের নিয়ে এ প্রশিক্ষণের আয়োজন করে বাংলাদেশ ব্লাইন্ড মিশন। এটুআই ও ইউএনডিপির উদ্যোগে বেসলাইন অ্যাসেসমেন্ট, প্রশিক্ষণ চাহিদা নিরূপণ, দক্ষতার ঘাটতি বিশ্লেষণ এবং সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ শেষে আয়োজন করা হয় ডিজিটাল সেন্টার ২.০ প্রশিক্ষণ কর্মশালা।

শুক্রবার সকালে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি কর্মশালার উদ্বোধন করেন এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আব্দুর রফিক। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশন্যাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন ( আইওএম) এর সিনিয়র প্রোগ্রাম এসোসিয়েট অমল বিশ্বাস ও বাংলাদেশ ব্লাইন্ড মিশনের প্রোগ্রাম ডিরেক্টর উম্মে কাউসার সুমনা। অনুষ্ঠান সঞ্চালনা করেন এটুআইয়ের ন্যাশনাল কনসালটেন্ট মো: মাসুম বিল্লাহ।

অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে বক্তৃতা করেন খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার বোয়ালখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা উলাং রাখাইন এবং ব্রাক্ষণবাড়ীয়ার আখাউড়া উপজেলার আখাউড়া উত্তর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা রোজিনা আক্তার। উদ্যোক্তারা বক্তব্যে উদ্যোক্তা সুরক্ষা নীতিমালা, চট্টগ্রাম বিভাগের জন্য সেবা পরিকল্পনা, নারী উদ্যোক্তাদের নিরাপত্তা ও বিশেষায়িত উদ্যোগ এবং সকল ডিজিটাল সেন্টারে সোলার সিস্টেম স্থাপনের দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন এটুআইয়ের ন্যাশনাল কনসালটেন্ট কামাল হোসেন সৈকত, কর্মশালার ফ্যাসিলেটেটর সাধন চন্দ্র সরকার ও ওমর ফারুক।
প্রশিক্ষণে কক্সবাজার, ব্রাক্ষণবাড়ীয়া, চাঁদপুর, চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, লক্ষীপুর, নোয়াখালি, রাঙামাটি, বান্দরবন ও খাগড়াছড়ির ৩৫ জন উদ্যোক্তা অংশগ্রহণ করছেন।