সিলেটে শুরু হয়েছে দু’দিনব্যাপী ডিজিটাল সেন্টার ক্যাপাসিটি বিল্ডিং ওয়ার্কশপ। ডিজিটাল সেন্টার ২.০ রূপান্তরে ডিজিটাল সেন্টারসমূহের সেবার মানোন্নয়ন, উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, ব্যবসায়িক সক্ষমতা উন্নয়ন এবং টেকসই সেবা নিশ্চিত করার লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ব্লাইন্ড মিশনের আয়োজনে সিলেট ও ময়মনসিংহ বিভাগের নির্বাচিত উদ্যোক্তারা কর্মশালায় অংশ গ্রহণ করছেন। 
শনিবার সকালে সিলেট ব্র্যাক লার্নিং সেন্টারে কর্মশালার উদ্বোধন করেন এসপায়ার টু ইনোভেট ( এটুআই) এর যুগ্ম প্রকল্প পরিচালক ( যুগ্ম সচিব) মোঃ রশিদুল মান্নাফ কবীর। সিলেট স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক পদ্মাসন সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইউএনডিপি বাংলাদেশের ইন্টারন্যাশন্যাল প্রজেক্ট ম্যানেজার মাহা এমিয়ের, এটুআইয়ের হেড অফ প্রজেক্ট ম্যানেজমেন্ট আবদুল্লাহ আল ফাহিম, ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর অশোক কুমার বিশ্বাস, কর্মশালার ফ্যাসিলেটেটর এনামুল হক মনির ও সাল সাবিলা মাহবুব কান্তা।

অংশগ্রহণকারী উদ্যোক্তাদের মধ্যে বক্তৃতা করেন সিলেট জেলা পরিষদ ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা জয়নাল আবেদীন, ময়মনসিংহ ভালুকা পৌরসভা ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা ফাহিমা মাহে জেবিন, নেত্রকোনার পূর্বধলা উপজেলার নারান্দিয়া ইউনিয়ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আল আমিন এবং মৌলভীবাজারের শ্রীমঙ্গল পৌরসভার ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা শিউলী খাতুন।

কর্মশালায় সিলেট ও ময়মনসিংহ বিভাগের ২৯ জন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা অংশগ্রহণ করছেন। এটুআই ও ইউএনডিপির উদ্যোগে বেসলাইন অ্যাসেসমেন্ট, প্রশিক্ষণ চাহিদা নিরূপণ, দক্ষতার ঘাটতি বিশ্লেষণ এবং সেবাগ্রহীতাসহ সংশ্লিষ্ট অংশীজনদের মতামত গ্রহণ শেষে আয়োজন করা হয় ডিজিটাল সেন্টার ২.০ প্রশিক্ষণ কর্মশালা।
