• রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ১০:০৮ অপরাহ্ন

নড়াইলে ই-এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

মাহবুবুল হাসান কনক / ৩২ বার দেখা হয়েছে
সর্বশেষ : রবিবার, ৮ নভেম্বর, ২০২৬

দেশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম ডিজিটাল ব্যবস্থায় পরিচালনা এবং বিচারিক সেবা আরও সহজ, দ্রুত ও কার্যকর করার উদ্যোগের অংশ হিসেবে আজ নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ই-এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনায় এবং এটুআই-এর সহায়তায় ‘ই-কোর্ট’ ফ্রেমওয়ার্কের আওতায় নড়াইলে ‘ই-এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্ট’ পাইলটিং শুরু হয়েছে।

দেশের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত, মোবাইল কোর্ট ও জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম তথ্যপ্রযুক্তির মাধ্যমে অনলাইনভিত্তিক করতে ই-কোর্ট ফ্রেমওয়ার্ক তৈরি করেছে এটুআই। মন্ত্রিপরিষদ বিভাগের তত্ত্বাবধানে বর্তমানে সারা দেশে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ইতিমধ্যে দেশের সব জেলায় ই-মোবাইল কোর্ট চালু হয়েছে। পাশাপাশি ২৯টি জেলায় ই-জেনারেল সার্টিফিকেট আদালতের কার্যক্রম চালু রয়েছে।

কর্মশালার উদ্বোধন করেন এটুআই-এর প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ আনোয়ার উদ্দিন। স্বাগত বক্তব্য দেন নড়াইলের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক ও  অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।

কর্মশালায় ‘ই-কোর্ট’ ফ্রেমওয়ার্কের আওতায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতের কার্যক্রম অনলাইনে পরিচালনা, সেবা প্রক্রিয়া সহজীকরণ এবং সংশ্লিষ্ট কার্যক্রম আরও দক্ষ ও কার্যকরভাবে বাস্তবায়নের বিষয়ে দিকনির্দেশনা দেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান।

ই-কোর্ট কার্যক্রমের বিভিন্ন করণীয় বিষয় তুলে ধরেন এটুআইয়ের ন্যাশনাল কনসালটেন্ট (ই-কোর্ট) ও উপসচিব মোছা. খালেদা খাতুন রেখা। এ ছাড়া ই-এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টে মামলা দাখিলের প্রক্রিয়া ও গুরুত্ব, আদালতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের ভূমিকা এবং প্রসিকিউটরদের দায়িত্ব নিয়ে আলোচনা করেন মন্ত্রিপরিষদ বিভাগের জেলা ম্যাজিস্ট্রেসি শাখার যুগ্ম সচিব তানভীর আহমেদ। কর্মশালায় নড়াইল জেলা প্রশাসকের কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, সরকারি কৌঁসুলি এবং জেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রসিকিউটররা অংশ নেন।

এই কর্মশালা ও পাইলটিংয়ের মাধ্যমে ব্যবহারকারীদের কাছ থেকে পাওয়া মতামত ও পরামর্শ পর্যালোচনা করে ই-এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কোর্টের কার্যপ্রবাহ আরও কার্যকর ও ব্যবহারবান্ধব করা হবে এবং পরবর্তী সময়ে এ অভিজ্ঞতা ই-কোর্ট ব্যবস্থার কার্যপদ্ধতি আরও উন্নত করতেও কাজে লাগবে বলে জানানো হয়।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...