সেবাকে আরো সহজে নাগরিকের দোরগোড়ায় পৌঁছে দিতে যাত্রা শুরু করল রুরাল ডিজিটাল সেন্টার। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জাফরাবাদের এ সেন্টারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হলো আজ থেকে। দেশের প্রথম রুরাল ডিজিটাল সেন্টার হিসেবে শনিবার আঃ হামিদ মেডিকেল কলেজের সামনে জাফরাবাদ রুরাল ডিজিটাল সেন্টারের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাফরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু সাদাৎ মোঃ সায়েম। এ সময় উপস্থিত ছিলেন এসপায়ার টু ইনোভেট (এটুআই)-এর ক্যাপাসিটি ডেভেলপমেন্ট কো-অর্ডিনেটর অশোক কুমার বিশ্বাস, এটুআইয়ের জুনিয়র কনসালটেন্ট (পার্টনার ও ফিল্ড কো-অর্ডিনেশন) মোঃ মাসুম বিল্লাহ এবং জুনিয়র কনসালটেন্ট (ডিজিটাল পেমেন্ট) অনিমেষ চন্দ্র বাইন। সভা সঞ্চালনা করেন উদ্যোক্তা আব্দুল্লাহ আল মামুন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জাফরাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদ মিয়া, সাবেক ইউপি চেয়ারম্যান সাইফ উদ্দিন ফকির মিলন, সমাজসেবক মোঃ শামীম মিয়া, কিশোরগঞ্জ জেলা ডিজিটাল সেন্টার উদ্যোক্তা ফোরামের সাধারণ সম্পাদক শাহরিয়ার নাহিদ, বিভিন্ন ডিজিটাল সেন্টারের উদ্যোক্তাবৃন্দ, স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের অগ্রযাত্রায় তথ্যপ্রযুক্তি নির্ভর নাগরিক সেবা সম্প্রসারণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকারের ডিজিটাল রূপান্তরের লক্ষ্য ও এটুআইয়ের উদ্ভাবনী উদ্যোগের ধারাবাহিকতায় গ্রামীণ জনগোষ্ঠীর কাছে প্রযুক্তি নির্ভর সেবা সহজলভ্য করা সময়ের দাবি। এ ধরনের উদ্যোগ সরকারি-বেসরকারি অংশীদারত্ব, স্থানীয় পর্যায়ে উদ্ভাবন এবং ডিজিটাল অন্তর্ভুক্তি বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আলোচনা সভা শেষে, কেক ও ফিতা কাটার মধ্য দিয়ে সেন্টারটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।