যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেল চার টায় নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করে সদর উপজেলা কৃষক দল।
সমাবেশে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। প্রধান বক্তা ছিলেন যশোর জেলা কৃষক দলের আহ্বায়ক উপাধ্যক্ষ মকবুল হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওয়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি মশিউর রহমান বাবলু এবং সাধারণ সম্পাদক আলতাফ হোসেন। সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলা কৃষক দলের আহ্বায়ক নাসির উদ্দিন নাসু।
বক্তারা বলেন, দেশের কৃষক সমাজকে সংগঠিত করার পাশাপাশি তাদের ন্যায্য অধিকার আদায়ে কৃষক দলকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে হবে। কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করা, কৃষি উপকরণের দাম সহনীয় পর্যায়ে রাখা এবং গ্রামীণ জনপদের মানুষের দাবি আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
তারা আরও বলেন, জাতীয়তাবাদী শক্তির অন্যতম ভিত্তি হচ্ছে তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ মানুষ। তাই ইউনিয়ন পর্যায়ে কৃষক দলের কার্যক্রম গতিশীল করতে প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সমাবেশে নওয়াপাড়া ইউনিয়ন কৃষক দল, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।