• সোমবার, ২৯ জুন ২০২৬, ০১:২১ পূর্বাহ্ন

দূর্ঘটনা কবলিত অটোরিকশা চালকের পাশে দাঁড়ালো স্বপ্নবীজ

ফারহানা পিয়া / ৩৪৫ বার দেখা হয়েছে
সর্বশেষ : সোমবার, ১১ মে, ২০২৬

আব্দুর রব মাঝী। পেশায় অটোরিকশা চালক। ভোলার চরফ্যাশন উপজেলার আবদুল্লাহপুর ইউনিয়নের আবদুল্লাহপুর গ্রামের বাসিন্দা। পঞ্চাশোর্ধ এই মানুষটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। এক সকালে পানি পান্তা খেয়ে বাড়ি থেকে বের হয়েছিলেন জীবিকার তাগিদে। রিকশার চাকা সামনে ঘুরলেও ভাগ্যের চাকা যেন ছিল বিপরীতে। ফ্যাশনগঞ্জ বাজারে দূর্ঘটনায় পতিত হন আব্দুর রব। রিকশার পাশাপাশি ভেঙ্গে যায় তার পা। যে পায়ের উপর ভর দিয়ে তিনি টানছিলেন সংসারের বোঝা। প্রায় বছর খানেক ধরে শয্যাশায়ী আব্দুর রব। স্ত্রী, এক ছেলে আর তিনমেয়ে নিয়ে ছয়জনের সংসারে নেমে আসে ঘোর অমানিশা। ধার-দেনা করে চিকিৎসার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। চিকিৎসার  সাথে  সংসারের ব্যয় এবং সন্তানদের ভবিষ্যতের চিন্তা  প্রতিনিয়ত আরও অসহায় করে তুলছিল তাকে। বিষয়টি জানতে পেরে বিপদাপন্ন মানুষটির পাশে দাঁড়ায় স্বপ্নবীজ সংস্থা। আব্দুর রব মাঝীর খোঁজ  নিয়ে স্বপ্নবীজের পক্ষ থেকে তুলে দেয়া হয়েছে আর্থিক সহায়তা।

এ বিষয়ে স্বপ্নবীজ সংস্থার নির্বাহী পরিচালক আব্দুর রহিম রিপন বলেন, স্বপ্নবীজ স্বপ্ন দেখায়, স্বপ্ন বুনে, মানুষের পাশে থাকে। স্বপ্নবীজ সংস্থা বিশ্বাস করে একটি সহানুভূতির হাত বদলে দিতে পারে একটি পরিবারের ভবিষ্যৎ। সেই বিশ্বাস থেকেই ভোলার প্রত্যন্ত অঞ্চলের মানুষের দুঃখ-দুর্দশা লাঘব এবং ভাগ্যোন্নয়নে কাজ করে যাচ্ছে স্বপ্নবীজ। সেই ধারাবাহিকতায় স্বপ্নবীজ সংস্থা আর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে আব্দুর রব মাঝীর পাশে। মহান আল্লাহর দরবারে তার দ্রুত সুস্থতা কামনা করছি। আল্লাহ যেন তাকে পূর্ণ আরোগ্য দান করেন, পুনরায় কর্মক্ষম করে তোলেন এবং তার পরিবারের মুখে আবারও হাসি ফিরিয়ে দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও খবর...